বরাক তরঙ্গ, ১৯ মার্চ : আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে বিজেপি প্রার্থী হিসেবে জহর চক্রবর্তীর নাম ঘোষণা হতেই জোরদার প্রচারে নেমেছে গেরুয়া শিবির।
বৃহস্পতিবার সকাল থেকেই কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে এলাকায় জনসংযোগ শুরু করেন জহর চক্রবর্তী। পাশাপাশি ‘ডোর-টু-ডোর’ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় এবং বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ—সব মিলিয়ে প্রচারে জনসংযোগকেই প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরছেন বিজেপি প্রার্থী।
প্রচার চলাকালীন জহর চক্রবর্তী জানান, পূর্বতন বিধায়কের অসমাপ্ত উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করাই তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি ধর্মনগরকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।
বিজেপির এই তৎপরতায় স্পষ্ট, উপনির্বাচনকে ঘিরে কোনওরকম ঢিলেমি দিতে নারাজ দল। এখন দেখার, জহর চক্রবর্তীর এই জোরদার প্রচার কতটা প্রভাব ফেলতে পারে ধর্মনগরের ভোটারদের ওপর।



