বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : নির্বাচনে জয়ের লক্ষ্যে ধলাই বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি মনোনীত প্রার্থী অমিয়কান্তি দাশ। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটান তিনি। দিনের শুরুতেই নিজের বাসভবনে দলীয় কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন অমিয়কান্তি দাশ। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং বুথস্তরের কার্যক্রম কীভাবে গতিশীল করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এরপর তিনি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সরাসরি জনসংযোগে নামেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা শোনেন এবং বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে অবহিত করেন। বিকেলে ১৬ নম্বর মহাদেব বাড়ি এলাকায় একটি শক্তি কেন্দ্রের নির্বাচনী সভায় অংশ নেন তিনি। সেখানে স্থানীয় সমস্যা, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। কর্মীদের সক্রিয় উপস্থিতিতে সভাটি সফল হয়।
পরবর্তীতে মৃদুলকান্তি দাসের বাসভবনে আরেকটি শক্তি কেন্দ্রের বৈঠকে যোগ দেন। ওই সভায় সংগঠনের সমন্বয়, মাঠপর্যায়ের কাজ এবং এলাকাভিত্তিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
সভাগুলিতে বক্তব্য রাখতে গিয়ে অমিয়কান্তি দাশ অসম সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরেন এবং প্রতিটি ঘরে ঘরে উন্নয়নের সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
দিনের শেষে ডার্বি চা বাগান নাচঘর সংলগ্ন মাঠে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন ভোজপুরি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও উত্তর-পূর্ব দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা সহ বরাক উপত্যকার একাধিক নেতা। দিনভর এই কর্মসূচি থেকে স্পষ্ট, ধলাইতে বিজেপির নির্বাচনী প্রচার আরও জোরদার হচ্ছে এবং অমিয়কান্তি দাশ সংগঠনকে মজবুত করে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন।



