সর্ববৃহৎ জনাদেশ নিয়ে অসমে ফের সরকার গঠন করবে বিজেপি : অমিত শাহ

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি ‘এপর্যন্ত সর্ববৃহৎ জনাদেশ’ নিয়ে অসমে আবার সরকার গঠন করবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজেপির ‘যুব শক্তি সমাবেশে’ অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে প্রতিটি অনুপ্রবেশকারীকে ভারত থেকে বহিষ্কার করার আশ্বাস দিয়ে অসমের জনগণকে আবারও বিজেপির পক্ষে জনাদেশ দেওয়ার আহ্বান জানান তিনি। বিজেপির যুব শক্তি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিদেশি অনুপ্রবেশকারীর প্রসঙ্গে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “কংগ্রেস অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছিল, কিন্তু বিজেপি সরকার তাদের প্রত্যেককে শনাক্ত করে দেশ থেকে বহিষ্কার করতে বদ্ধপরিকর।” নির্বাচন কমিশন কিছু রাজ্যে ভোটার তালিকার এসআইআর (SIR) প্রক্রিয়া চালু করলেও কংগ্রেস এর বিরোধিতা করেছিল বলেও দাবি করেন তিনি।

অমিত শাহ বলেন, “কংগ্রেস অনুপ্রবেশকারীদের বৈধ, আনুষ্ঠানিক ও স্বাভাবিক করে তুলেছিল। কিন্তু বিজেপি তাদের প্রত্যেককে ভোটার তালিকা থেকে বাদ দেবে। রাহুল বাবু (রাহুল গান্ধী) নিশ্চিত থাকতে পারেন যে শুধু তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়াই নয়, তাদের দেশ থেকেও বহিষ্কার করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেসের শাসনকালে অসম ‘হিংসার জন্য পরিচিত’ ছিল এবং বহু যুবক নিহত হয়েছিলেন। কংগ্রেস যুবসমাজের জন্য কিছুই করেনি বলেও মন্তব্য করেন তিনি। তার বদলে কংগ্রেস নেতারা নিজেদের পরিবারের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিলেন বলে অভিযোগ তোলেন শাহ। আরও বলেন, কংগ্রেস ‘দুর্নীতি, অনুপ্রবেশকারীদের প্রশ্রয় এবং নিজের সন্তানদের স্বার্থে রাজনীতিতে মেরুকরণে’ বিশ্বাস করে। অন্যদিকে, বিজেপি ‘উন্নয়ন, অনুপ্রবেশকারীদের বহিষ্কার এবং দরিদ্র পরিবারের সন্তানদের স্বার্থ রক্ষা’-কে অগ্রাধিকার দেয় বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *