বিজেপি–অগপ আসন সমঝোতা, তিন AIUDF বিধায়কের অগপে যোগদানের জল্পনা

Spread the news

বরাক তরঙ্গ, ৫ মার্চ : আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোট রাজনীতিতে নতুন সমীকরণ স্পষ্ট হতে শুরু করেছে। সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলি বাদ দিয়ে অসম গণ পরিষদকে (অগপ) ৯টি আসন ছেড়ে দিতে পারে বিজেপি। অগপকে তেজপুর, শিবসাগর, বরপেটা এবং বঙাইগাঁও আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে। পাশাপাশি গোৱালপাড়া পূর্ব, ডিমরিয়া, বজালি, কলিয়াবর এবং বোকাখাত আসনও অগপের জন্য ছেড়ে দেওয়া হতে পারে। মাহমরা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সূরজ দিহিংগিয়ার নাম নিয়ে জোর আলোচনা চলছে। এদিকে এবার চাবুয়া–লাহোৱাল আসনেও বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। এই আসনে বিজেপি নেতা বিনোদ হাজরিকার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে।

অন্যদিকে, অগপের পাশাপাশি বিপিএফের সঙ্গেও বিজেপির জোট চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিপিএফের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিপিএফের সঙ্গে জোট করেছি। ইউপিপিএল এবং বিপিএফ নিজেদের মধ্যে আসন সমঝোতা কীভাবে করবে, তা তাদের বিষয়। আমরা চাই বিপিএফ এবং ইউপিপিএলের মধ্যে সমঝোতা হোক। সেই কারণেই বিটিসিতে আমরা কম আসন নিয়েছি।”

এদিকে, রাজনৈতিক মহলে আরও চাঞ্চল্য তৈরি করেছে সম্ভাব্য দলবদলের খবর। শীঘ্রই তিনজন AIUDF বিধায়ক অসম গণ পরিষদে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। AIUDF ছেড়ে অগপে যোগ দিতে পারেন করিম উদ্দিন বড়ভূইয়া। এছাড়াও কংগ্রেস বিধায়ক সিদ্দেক আহমদও অগপতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। আগামী এক-দু’দিনের মধ্যেই তাদের আনুষ্ঠানিক যোগদান হতে পারে।

অন্যদিকে, AIUDF ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন জাকির হোসেন লস্কর এবং নিজামুদ্দিন চৌধুরী বলেও রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *