লক্ষীপুরে বিজেপির বিশাল বাইক র‍্যালি

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : বরাক উপত্যকার ১৩টি বিধানসভা আসনের মধ্যে লক্ষীপুরকে ভারতীয় জনতা পার্টির অন্যতম শক্তিশালী ও নিরাপদ আসন হিসেবে ধরা হচ্ছে। কংগ্রেসের একসময়ের ঘাঁটিকে বিজেপির শক্ত ঘাঁটিতে রূপান্তর করার পেছনে মূল ভূমিকা বর্তমান প্রার্থী তথা মন্ত্রী কৌশিক রায়ের  বলেই রাজনৈতিক মহলের অভিমত।

লক্ষীপুরে বর্তমানে কৌশিক রায় কার্যত অপ্রতিদ্বন্দ্বী বলেই মনে করা হচ্ছে। তবুও নির্বাচনী প্রচারে কোনও খামতি রাখছেন না তিনি। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও রাজ্য নেতৃত্ব এখানে প্রচার সভা করে গেছেন। সোমবার সকাল ১১টা নাগাদ লক্ষীপুর বিধানসভা এলাকার লাবক চা বাগানের খেলার মাঠ থেকে এক বিশাল মেগা বাইক র‍্যালির সূচনা হয়। বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে প্রায় সাত হাজার বাইক অংশগ্রহণ করে বলে জানা গেছে।

দলীয় পতাকা সজ্জিত বাইকগুলির দীর্ঘ মিছিল লাবক চা বাগান থেকে শুরু হয়ে জয়পুর, কামরাঙ্গা, পয়লাপুল, শিবপুর, লক্ষীপুর শহর, ফুলেরতল, বিন্নাকান্দি ঘাট হয়ে বোয়ালি-চেংজুর পরিক্রমা করে পুনরায় বিনাকান্দি চা বাগানের মাঠে এসে শেষ হয়।

র‍্যালির একেবারে সামনের সারিতে ছিলেন প্রার্থী কৌশিক রায়। পথের বিভিন্ন প্রান্তে স্থানীয় মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি। বিপুল জনসমাগম ও সমর্থন দেখে রাজনৈতিক মহলের ধারণা, লক্ষীপুরে এবার রেকর্ড ব্যবধানে জয় পেতে পারেন বিজেপি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *