বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : অসম রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশন-এর ১৬তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন আগামী ২৮ ও ২৯ মার্চ বঙাইগাঁও শহরের যতীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সারা আসাম থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই অধিবেশনে পেনশনারদের বিভিন্ন অভাব-অভিযোগ, অধিকার সুরক্ষা, বিদ্যুৎ খাতে রাষ্ট্রায়ত্ত কাঠামো অক্ষুণ্ণ রাখা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ, আগামী দিনের কর্মসূচি নির্ধারণ এবং পরবর্তী দুই বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। অধিবেশন সফল করার লক্ষ্যে ৩৭ সদস্যের একটি অভ্যর্থনা সমিতি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জীবেশ্বর দাস, কার্যকরী সভাপতি তরুণ চৌধুরী, সাধারণ সম্পাদক জগন্নাথ গোস্বামী এবং কোষাধ্যক্ষ হিসেবে রথীন্দ্র নাথ ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন বিভাগের উপ-সমিতি গঠন করে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আসামের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধির থাকার ও আপ্যায়নের জন্য সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ সম্পাদক জগন্নাথ গোস্বামী সমগ্র আসামের সদস্য-সদস্যাদের অধিবেশনে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন এবং অধিবেশনকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন। অসম রাজ্য বিদ্যুৎ পর্ষদের বরাক ভ্যালি জোনের সভাপতি নির্মলকুমার দাস এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন।



