পরিকাঠামো উন্নয়নে ইটখলা এসিকে ১০ লক্ষ দিচ্ছেন ভুবনেশ্বর কলিতা

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : ইটখলা অ্যাথলেটিক ক্লাবের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছিল বিজেন্দ্র প্রসাদ সিং সচিব থাকার সময় থেকে। সেই একই ধারা অব্যাহত রয়েছে সচিব পঙ্কজ সিংয়ের সময়েও। বর্তমানে ইটখলা এসি-র যে ক্লাব ভবন রয়েছে সেটা তৈরি হয়েছিল বিজেন্দ্র প্রসাদ সিং সচিব থাকা কালে। এবার সেটারই পরিসর বর্ধিত করবেন পঙ্কজ। এরজন্য অনুদানের ডালি তুলে দিতে এগিয়ে এলেন ক্রীড়াপ্রেমী সাংসদ ভুবনেশ্বর কলিতা। দীর্ঘদিন ধরে অসম কবাডি সংস্থার সভাপতি পদে রয়েছেন তিনি। একসময় ইটখলা এসি-র ক্লাব ভবনের পরিসর বর্ধিত করার জন্য রাজ্য সভার সাংসদ ভুবনেশ্বর কলিতা দশ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই অর্থেরই মঞ্জুরীপত্র এবার  সরকারিভাবে ক্লাব সচিব ও সদস্যদের হাতে আজ তুলে দিলেন সাংসদ প্রতিনিধি দীপন দেওয়ানজি।

ক্লাবের উন্নয়নে নিজের তহবিল থেকে এই অর্থ বরাদ্বের জন্য সাংসদ ভুবনেশ্বর কলিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লাব সদস্যরা। এই অর্থ পাওয়ার ক্ষেত্রে ইটখলা ক্লাবকে বিশেষভাবে সাহায্য করেছেন সাংসদ প্রতিনিধি দীপন দেওয়ানজি। তাঁর প্রতিও কৃতজ্ঞতা জানান সদস্যরা। শুক্রবার অর্থ মঞ্জুরীর পত্রটি ইটখলা এসি-র সদস্যদের হাতে তুলে দিয়েছেন সাংসদ প্রতিনিধি দীপন দেওয়ানজী। ক্লাব সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে নতুন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *