শান্তিপূর্ণভাবে শেষ হল ভুবন মেলা, পুজো দিলেন তিন লক্ষাধিক ভক্ত

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ভুবনতীর্থ উন্নয়ন ও মেলা পরিচালন কমিটির সুষ্ঠু ব্যবস্থাপনায় বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে ভুবনতীর্থ-এ শুরু হওয়া তিন দিনব্যাপী ভুবন মেলা সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

শিব চতুর্দশী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও হাজার হাজার ভক্তের ঢল নামে ভুবন মন্দির-এ। আয়োজকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনে মিলিয়ে প্রায় তিন লক্ষাধিক ভক্ত ভুবন বাবার পূজা অর্চনা করেন। অনুকূল আবহাওয়া এবং তীর্থস্থানে যাওয়ার রাস্তার উন্নয়নের ফলে এবছর ভক্তসমাগম অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে বলে জানা গেছে।

ভুবনতীর্থ উন্নয়ন ও মেলা পরিচালন কমিটির অন্যতম কার্যকর্তা তথা পূর্ব ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস জানান, শনিবার থেকে সোমবার পর্যন্ত বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। বিশেষ করে রবিবার রাতে ভক্তদের ভিড়ে মন্দির প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এবং সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা পূজা দেন।

মেলা চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল এবং জরুরি চিকিৎসা পরিষেবার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাহাড়ি পথজুড়ে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *