ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন জিসি বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : সুধাকণ্ঠ ডঃ ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ এবং আইকিউএসি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে “The Life and Music of Sudhakantha Bhupen Hazarika: A Close Look” শীর্ষক বিশেষ এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনীষা হাজরিকা, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক নিবন্ধক ডঃ অভিজিৎ নাথ, বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান ড. সঞ্জীব ভট্টাচার্য, আইকিউএসি-র পরিচালক ড. কৃষ্ণচন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন শিলচর টাইমস-এর প্রধান সম্পাদিকা স্বর্ণালী চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. চন্দন পাল চৌধুরী, যোগেশ্বর বর্মন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা ও পড়ুয়ারা।

বিশিষ্টজনদের দ্বারা প্রদীপ প্রজ্বলন এবং সুধা কন্ঠ ভূপেন হাজরিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক অর্জুন চৌধুরী। উল্লেখ্য মনীষা হাজরিকা সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার শিষ্যা ও ভ্রাতৃবধূ এবং প্রয়াত বিশিষ্ট কণ্ঠশিল্পী জয়ন্ত হাজরিকার সহধর্মিণী।

মনীষা হাজরিকা “সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার জীবন ও সঙ্গীত: একটি নিবিড় দৃষ্টি” শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে সুধাকণ্ঠ ডঃ ভূপেন হাজরিকার জীবন, সঙ্গীতচর্চা, মানবতাবাদী দর্শন এবং সমাজ পরিবর্তনে তাঁর সৃষ্টির ভূমিকা নিয়ে বিশদভাবে আলোচনা করেন। এছাড়াও তিনি হাজারিকা ভ্রাতৃদ্বয়ের বিভিন্ন গান ও সুরের অংশবিশেষ এবং অসমিয়া ও বাংলা লোকসঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গুরুচরণ বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে মনীষা হাজরিকাকে ফুল ও ঐতিহ্যবাহী উত্তরীয় প্রদান করে সংবর্ধনায় জানানো হয়। তিনি উপস্থিত সকল ছাত্রছাত্রীদের আশীর্বাদ করেন এবং সমাজের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় নিবেদিত অর্থবহ জীবনযাপনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *