সংবাদ প্রকাশের জেরে সংবাদকর্মীর ওপর হামলা শিলচরে, অভিযুক্ত ভুমাফিয়া

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে সংবাদকর্মী সুরজিৎ চক্রবর্তীর ওপর হামলা ভুমাফিয়া অরবিন্দ দাসের। ঘটনাটি ঘটেছে শিলচরর ন্যাশনাল হাইওয়ে আউট পোস্ট সংলগ্ন এলাকায়। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রবিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ সুরজিৎ চক্রবর্তী তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে ন্যাশনাল হাইওয়ে আউট পোস্টে আসেন। সেই সময় অভিযুক্ত অরবিন্দ দাস তাঁকে আউট পোস্টের সামনে অবস্থিত একটি বাজারে ডেকে নিয়ে যায়। সেখানে সংবাদ প্রকাশের প্রসঙ্গ তুলে অরবিন্দ দাস ক্ষোভ প্রকাশ করে এবং কীভাবে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হল, তা নিয়ে সুরজিৎ চক্রবর্তীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় এক ব্যক্তি সুরজিৎ চক্রবর্তীকে বাজারের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় অরবিন্দ দাস অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে এসে তাঁর ওপর হামলা চালায়। এতে গুরুতরভাবে আহত হন সুরজিৎ চক্রবর্তী। প্রাণভয়ে তিনি চিৎকার শুরু করলে ন্যাশনাল হাইওয়ে আউট পোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে সুরজিৎ চক্রবর্তী অভিযুক্ত অরবিন্দ দাস সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত এক অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *