বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ১৪৭ নং সিআরপিএফ ক্যাম্পের অডিটোরিয়ামে মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এক অপূর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিআরপিএফ জওয়ান, পিএম শ্রী জেএনবি পয়লাপুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা এবং প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিনিধিদের অংশগ্রহণে সঙ্গীত, নৃত্য ও নাটকের মাধ্যমে অনুষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে পূর্ণ হয়েছে।অনুষ্ঠানের শুরু হয়েছে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর সিআরপিএফ জওয়ানরা সামরিক নৃত্য ও গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। পিএম শ্রী জেএনবি পয়লাপুলের ছাত্রছাত্রীরা প্রজাতন্ত্রের ঐতিহাসিক গল্প নিয়ে একটি ছোট নাটক মঞ্চস্থ করেন, যা দর্শকদের তালিতে তাল মিলিয়ে উল্লাস ছড়িয়ে দেয়। প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা আধুনিক নৃত্য ও ক্লাসিক্যাল গানের সমন্বয়ে পরফর্ম করে অনুষ্ঠানে বৈচিত্র্য যোগ করেন। বিখ্যাত নৃত্যশিল্পী রাধা মোদক এবং সঙ্গীতশিল্পী পুনম দেবও তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডিআইজি বিষ্ণু কুমার গৌতম বক্তব্যে বলেন, “প্রজাতন্ত্র দিবস আমাদের সংবিধানের মহত্ত্ব স্মরণ করিয়ে দেয়। সিআরপিএফের মতো বাহিনী এই দেশের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় অক্লান্ত পরিশ্রম করছে।” ১৪৭ নং সিআরপিএফ-এর কমান্ডেন্ট ব্রোনো. এ বলেন, “আমাদের জওয়ানরা দীর্ঘদিন ধরে সমাজকে দুর্নীতি ও অরাজকতা থেকে রক্ষা করছেন এবং সামাজিক উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতি বছর এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান জওয়ানদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য আয়োজিত হয়, যা তাদের মনোবল বাড়ায়।” অন্যান্য বক্তাদের মধ্যে পিএম শ্রী জেএন বিপি পয়লাপুলের অধ্যক্ষ বিশ্বাস কুমার রানা, প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. পার্থ প্রদীপ অধিকারী, নৃত্যশিল্পী রাধা মোদক এবং সঙ্গীতশিল্পী পুনম দেব তাঁদের বক্তব্যে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও যুবশক্তির ভূমিকা তুলে ধরেন।
তাঁরা কমান্ডেন্ট ব্রোনো এ-কে এই মনোরম অনুষ্ঠানের আয়োজনে ভূয়সী প্রশংসা জানান। এছাড়া, এবারের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পুলিশ প্যারেড গ্রাউন্ডের প্যারেডে প্রথম পুরস্কার পাওয়ায় সকলে ধন্যবাদ জানান।অনুষ্ঠানের শেষে ডিআইজি বিষ্ণু কুমার গৌতম, কমান্ডেন্ট ব্রোনো এ, ড. পার্থ প্রদীপ অধিকারী এবং বিশ্বাস কুমার রানা প্রধান অতিথিরা সঙ্গীত, নৃত্য ও নাটক পরিবেশনকারী ছাত্র-ছাত্রীদের সঙ্গে সিআরপিএফ জওয়ানদের শংসাপত্র ও পুরস্কার ভূষিত করেন। উপস্থিত সকলে দেশভক্তি গানে অনুষ্ঠানের সমাপ্তি ঘটান, যা ক্যাম্পের আকাশে দেশপ্রেমের সুর ভাসিয়ে দেয়।



