বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : রাজধানী আগরতলায় এক চাঞ্চল্যকর ও নাটকীয় ঘটনা সামনে এসেছে। পুলিশি হেফাজতে থাকা এক বাংলাদেশি বন্দি জিবিপি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পুনরায় ধরা পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সজল ঋষিদাস। তাঁর বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। অভিযোগ, তিনি অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। পরে তাঁকে গ্রেফতার করে বিশালগড় কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
জেল হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সুযোগ বুঝে নিরাপত্তা এড়িয়ে পালানোর চেষ্টা করে সে। এতে হাসপাতাল চত্বরে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা দ্রুত তৎপরতা দেখিয়ে হাসপাতালের আশপাশ এলাকায় তল্লাশি চালান এবং অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে পুনরায় আটক করতে সক্ষম হন।
এই ঘটনায় পুলিশি হেফাজতে থাকা বন্দিদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নজরদারি আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা উঠে আসছে সংশ্লিষ্ট মহলে।
এদিকে, কীভাবে ওই বন্দি পালানোর সুযোগ পেল এবং নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে নারাজ কর্তৃপক্ষ। ঘটনার পর হাসপাতাল ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।



