বরাক তরঙ্গ, ২৫ মার্চ : মানবিক উদ্যোগের পরিচয় দিয়ে দুর্ঘটনায় আহত এক ব্যক্তির পাশে দাঁড়াল ভাগা রুরেল অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট সোসাইটি। ধলাই থানার অন্তর্গত ইসলামাবাদ এলাকার বাসিন্দা মানিক উদ্দিন লস্কর সম্প্রতি এক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে কোমরের হাড় ভেঙে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর চিকিৎসার ব্যয়ভার সামাল দিতে সমস্যার সম্মুখীন হওয়ায় সোসাইটির পক্ষ থেকে এগিয়ে এসে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। বুধবার সোসাইটির সম্পাদক আলতাফ হোসেন লস্কর হাসপাতালে গিয়ে আহত ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের হাতে এই অর্থ তুলে দেন।
সোসাইটির এই উদ্যোগকে স্থানীয় মহলে প্রশংসা করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে সংস্থাটি।



