‘বচপন প্লে’ স্কুলের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শুক্রবার সন্ধ্যায় ‘বচপন প্লে’ স্কুলের দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিলচর বঙ্গভবনে উদযাপিত হয়েছে। ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মনমুগ্ধকর পারফরম্যান্সে অনুষ্ঠানটি সবাইকে মুগ্ধ করেছে। সম্মানিত অতিথি কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ, গুরুচরণ কলেজের অধ্যাপক ড. জয়দীপ ভট্টাচার্য, স্কুলের পরিচালক সহদেব পাল ও গৌরাঙ্গ বণিক এবং অধ্যক্ষা সুস্মিতা চৌধুরীর হাতে মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পরিচালক সহদেব পাল ও শ্যামসুন্দর কংস বণিক অতিথিদের গলায় উত্তরীয় ও হাতে স্মারক তুলে সম্মান জানান। নটরাজ নৃত্যালয়ের অধ্যক্ষ পিংকি কুরীর প্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীরা জুবিন গর্গের গানের সুরে অসমের নৃত্য পরিবেশন করে শিক্ষক, অভিভাবক ও দর্শকদের মন জয় করেন। তাদের হাতে স্কুলের পক্ষ থেকে পরিচালক সহদেব পাল, গৌরাঙ্গ বণিক ও অধ্যক্ষা শংসাপত্র ও স্মারক তুলে দেন।

অনুঠানে বক্তব্যে ড. অপ্রতিম নাগ বলেন, “শৈশবকালই মানুষের চরিত্র গঠনের মাটি, যেখানে বীজ রোপণ করলে সারাজীবন ফল ফলে। অনুশাসন মানে নিয়ম মেনে চলা নয়, এটি স্বনিয়ন্ত্রণ, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ ও নৈতিকতার প্রাথমিক প্রশিক্ষণ। ছোটবেলায় এই অভ্যাস না গড়লে পরে একাগ্রতার অভাব, অলসতা বা সামাজিক সমস্যার মুখোমুখি হতে হয়। বচপন প্লে স্কুল এখানে অসাধারণ ভূমিকা পালন করছে।”

ড. দেবাশিস ভট্টাচার্য পরিচালক সহদেব পালের ছাত্রজীবনের উল্লেখ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা দরকার যাতে নতুন প্রজন্ম শৃঙ্খলাবদ্ধ ও সফল দেশ গড়ে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুমা বণিক, শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *