বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : অল্প সময়ের মধ্যেই পরপর দুইবার রাজনৈতিক শিবির পরিবর্তনের পর শেষ পর্যন্ত বিজেপিকেই নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নিলেন অগপ-র প্রাক্তন সংখ্যালঘু নেত্রী আয়েশা সুলতানা চৌধুরী। নির্বাচনের মাত্র দু’দিন আগে, মঙ্গলবার ইটখোলা অবস্থিত বিজেপি কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি।
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পনেরো দিনের মধ্যে দু’বার দলবদল করায় আয়েশার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের অবস্থানে অনড় থাকার বার্তাই দিয়েছেন তিনি।
দলে যোগদানের পর আয়েশা সুলতানা চৌধুরী জানান, সাধারণ মানুষের সেবা এবং উন্নয়নের স্বার্থেই তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, দেশের পাশাপাশি রাজ্যেও উন্নয়নের গতি বজায় রাখতে হলে বিজেপির মতো শক্তিশালী এবং সংগঠিত দলের সঙ্গে থাকা প্রয়োজন। এছাড়াও, তিনি সোনাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস ও অগপ প্রার্থীদের তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। উল্লেখ্য, গত ২৯ মার্চ তিনি কংগ্রেসে যোগদান করেছিলেন।



