প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ এবং ইকোলজি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল বিষয় ছিল ইকোসিস্টেমের অবক্ষয় ও স্থানীয় পুনরুদ্ধার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ এবং বরাক ইকোসিস্টেম অ্যান্ড ওয়াটার গভর্ন্যান্স রিসোর্স সেন্টারের কনভেনর স্বপন আশাংবাম।

অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেলের কনভেনর ড. সুভাষ দেবনাথ ।  এরপর কারিগরি অধিবেশনে প্রথম বক্তা হিসেবে তারেং এগ্রিকালচার সার্ভিস গ্রুপের প্রেসিডেন্ট ও বিকাক্ষী অ্যাগ্রো প্রোডিউসার কোম্পানি লিমিটেডের সিইও সানালেম্বি দেবী স্থানীয় বীজ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি রূপাবিল অক্স-বো লেকের ক্রমবর্ধমান অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন প্রধান বক্তা স্বপন আশাংবাম। তিনি কাছাড় জেলায় স্থানীয় ইকোসিস্টেম পুনরুদ্ধারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন এবং বরাক উপত্যকায় একটি সুস্থ পরিবেশ গড়ে তুলতে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও আইইউসিএন-এর ফেলো সালমা সুলতানা বরাক নদীর তীরবর্তী সম্প্রদায়গুলির জীবনযাত্রা নিয়ে একটি তথ্যবহুল ফটো স্টোরি উপস্থাপন করেন, যা উপস্থিত শিক্ষার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। শিক্ষার্থীদের সঙ্গে একটি ইন্টার‌্যাকটিভ সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. সৌমিত্র নাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএ বিভাগের সহকারী অধ্যাপক ড. দীপরাজ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *