২৭ মার্চ : শ্রীনগর-লেহ জাতীয় সড়কের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জোজি-লা (Zoji La) পাসে এক ভয়াবহ তুষারধসে প্রাণ হারালেন অন্তত ৫ জন। শুক্রবার দুপুরে জোজি-লা-র ‘ক্যাপ্টেন মোড়’-এ এই বিপর্যয় ঘটে। তুষারধসের কবলে পড়ে ১৫টিরও বেশি যানবাহন বরফের নিচে সম্পূর্ণ বা আংশিকভাবে চাপা পড়েছে বলে জানা গেছে। প্রশাসনের আশঙ্কা, উদ্ধারকাজ যত এগোবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার দুপুরে হঠাৎ করেই পাহাড় থেকে বিশাল তুষারস্তূপ নেমে আসে জাতীয় সড়কের ওপর। সেই সময় ওই রাস্তা দিয়ে যাওয়া ১২ থেকে ১৫টি গাড়ি বরফের নিচে আটকে পড়ে। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে তিনজন পুরুষ, একজন মহিলা এবং একটি শিশু রয়েছে। এছাড়াও অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন।
দ্রাসের মহকুমা শাসক (SDM) বিশাল আত্রি জানিয়েছেন, “প্রায় ১০০ জনের বেশি উদ্ধারকারী কর্মী এবং ভারী তুষার পরিষ্কার করার মেশিন মোতায়েন করা হয়েছে। তবে কাশ্মীরের দিক থেকে আসা কনভয়ের কারণে ট্রাফিক জ্যাম তৈরি হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটেছিল।”



