স্বাস্থ্য পরিষেবার জন্য উদ্যোগকে অ্যাম্বুলেন্স প্রদানের আশ্বাস কণাদের

গুণীজন সংবর্ধনা,নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রজাতন্ত্র ও প্রতিষ্ঠা দিবস পালন ‘উদ্যোগে’র_____

বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : গুণীজন ও সাংবাদিক সংবর্ধনা,নানা প্রতিযোগিতা ও মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস এবং প্রতিষ্ঠা দিবস পালন করল শিলচরের অগ্রণী সামাজিক সংস্থা ‘উদ্যোগ’। ২৬ জানুয়ারি, সোমবার সাত সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস ও প্রতিষ্ঠা দিবস দিনভর কর্মসূচির সূচনা হয়। এদিন দক্ষিণ শিলচরে উদ্যোগ সংস্থার প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থাটির সভাপতি গোপাল কান্তি রায় সহ কর্মকর্তারা। দিনভর হয় বিভিন্ন প্রতিযোগিতা। সন্ধ্যায় সংবর্ধনা প্রদান করা হয় গুণীজন ও সাংবাদিকদের। সংবর্ধনা পর্ব শেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন সন্ধ্যায় সংবর্ধনায় অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ।সামাজিক সংস্থা উদ্যোগের কাজকর্মের ভূয়শী প্রশংসা করে তিনি বলেন, দক্ষিণ শিলচর এলাকায় সামাজিক-সাংস্কৃতিক এবং ক্রীড়াক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে উদ্যোগ। এই সংস্থার সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর প্রয়াত পিতা প্রাক্তন কেন্দ্রীয় কবীন্দ্র পুরকায়স্থও উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। সেই ধারা অব্যাহত রেখে আগামী দিনে উদ্যোগের পাশে থাকার অঙ্গীকার করেন সাংসদ। তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে আগামী দিনে এই সংস্থাকে একটি অ্যাম্বুলেন্স প্রদানের আশ্বাস দেন তিনিও। এর আগে বক্তব্য প্রসঙ্গে বিজেপির বরিষ্ঠ নেতা বিশিষ্ট সমাজসেবী উদয় শঙ্কর গোস্বামী বলেন, দক্ষিণ শিলচর শহর এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে দীর্ঘ আড়াই দশক ধরে নিরলসভাবে কাজ করছে উদ্যোগ সংস্থাটি। আজ প্রজাতন্ত্র দিবস পালনে অনুষ্ঠানটি মঞ্চ প্রমীলা গোস্বামী স্মৃতিতে উৎসর্গ করায় উদ্যোগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উদয়শঙ্কর গোস্বামী। শুরুতে স্বাগত বক্তব্যে উদ্যোগের সংস্থার ইতিবৃত্ত তুলে ধরেন সহ সভাপতি পার্থ দেব। তিনি বলেন, সমাজসেবামূলক কাজের তাগিদে আড়াই দশক আগে যাত্রা শুরু হয় উদ্যোগের। গুটি গুটি পায়ে হেঁটে আজকের দিনে এই জায়গা এসে পৌঁছায়।‌ সমাজসেবামূলক কাজের ধারা অব্যাহত রেখেই আগামী দিনের পথচলা হবে উদ্যোগের অঙ্গীকার। বিশেষ করে দক্ষিণ শিলচর এলাকায় শিক্ষা, স্বাস্থ্য সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রের বিকাশে প্রয়াস চালিয়ে যাবে তাঁরা। দক্ষিণ শিলচর এলাকায় একটি খেলার মাঠ এবং সংস্কৃতি চর্চায় প্রেক্ষাগৃহ নির্মাণের দাবিও উত্থাপন করে সভায় উপস্থিত রাজ্যসভা সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মঞ্চে ছিলেন উদ্যোগের সভাপতি গোপাল কান্তি রায় সম্মানিত অতিথি বিশিষ্ট সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, ডাঃ গৌতম দে, নির্মল দত্ত। এই সভায় ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কাছাড় জেলার বরিষ্ঠ ২৬ জন বিশিষ্ট সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়।তাদের হাতে পশমী চাদর, স্মারক, কলম ও ডায়েরি দিয়ে সংবর্ধিত করেন

রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ সহ অন্যান্য অতিথিরা। সংবর্ধিত বিশিষ্ট সাংবাদিকদের মধ্যে রয়েছেন উত্তমকুমার সাহা, সুবীর দত্ত, বিকাশ চক্রবর্তী, রতন দেব, মঞ্জুর আহমেদ বড়ভূইয়া, গৌতম তালুকদার, অভিজিৎ ভট্টাচার্য, নীলকমল দাস, দিলীপ সিং, সোনালী নাথ, আঁখি দাস, জহরলাল পাণ্ডে, বিপ্লবকান্তি দে, অমলকুমার লস্কর প্রমুখ। এছাড়াও এদিন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিল্পী ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সহ উদ্যোগের কর্মকর্তারা। পরে ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন উদ্যোগের সভাপতি গোপালকান্তি রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব বিশ্বাস।

উল্লেখ্য, এদিন বিভিন্ন ক্যাটাগরিতে চিত্রাঙ্কন, যেমন খুশি সাজো, একশো মিটার দৌঁড়, চকলেট দৌঁড়, মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় নার্সারি পড়ুয়া থেকে কলেজ পড়ুয়ারা অংশ নেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *