বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : এবারের মাধ্যমিক পরীক্ষার বাংলা মাধ্যমের ছাত্র ছাত্রীদের জন্য সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে বাংলা ভাষার শব্দ ও বাক্য গঠনের অস্বাভাবিক ত্রুটির কারণ অনুসন্ধান ও এর ফলে পরীক্ষার্থীদের সৃষ্ট সমস্যা নিরসনের দাবিতে আজ ছাত্র সংগঠন এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলার স্কুল সমূহের পরিদর্শকের কার্যলয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য এবং জেলা সম্পাদক স্বপন চৌধুরী । তারা বলেন এমনিতেই দিন দিন মাতৃভাষা মাধ্যমের ছাত্র ছাত্রীদের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং এই অজুহাতে মাতৃভাষা মাধ্যমের স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ মেট্রিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার মাতৃভাষা মাধ্যমের প্রশ্নপত্রে অমার্জনীয় ত্রুটি করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে অভিভাবকদের বাধ্য করা যাতে তারা তাদের সন্তানদের মাতৃভাষা মাধ্যমে পড়াশোনা করানো বন্ধ করে দেন।
সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির মদতপুষ্ট রাজ্য সরকার অতীতেও বরাক উপত্যকার জনগণের মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করে। পাঠ্যপুস্তকে অসমিয়া শব্দের ইচ্ছাকৃত অনুপ্রবেশ ঘটানো হয় এই উদ্দেশ্যেই। এবারের সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে যা ঘটছে তা শুধু ত্রুটি না উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির চক্রান্তের নতুন রূপ তা নিয়ে সবাই সন্ধিহান। সংগঠনের পক্ষ থেকে মাতৃভাষা মাধ্যমের অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্রে এধরনের অমার্জনীয় ত্রুটির যাতে পুনরাবৃত্তি না হয় তা সুনিশ্চিত করা এবং সমাজবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ত্রুটির জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানানো হয়।



