বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : উধারবন্দের শিবুরজাঙ্গাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাম্মদ বসির (৫৫)।
শনিবার AS11U822 নম্বরের একটি অল্টো ডিজায়ারে শিলচর থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে শিবুরজাঙ্গাল সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। গাড়িটির গতি অত্যন্ত বেশি থাকায় ধাক্কার পর সেটি ঘুরে পুনরায় শিলচরমুখী হয়ে পড়ে।
দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বিষয়টি উধারবন্দ পুলিশে এ খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান থানার সেকেন্ড অফিসার ইয়াকুব আলি। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির ভিতরে আটকে থাকা অধ্যাপক বসিরকে উদ্ধার করে দ্রুত শিলচর মেডিক্যালে পাঠান। জানা গেছে, তাঁর অবস্থা সঙ্কটজনক হলেও চিকিৎসা চলছে।

অন্যদিকে, গাড়িচালক কাশীপুর এলাকার বাসিন্দা আক্তার হোসেন লস্কর দুর্ঘটনায় আহত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, উক্ত সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা রোধে কঠোর নজরদারি প্রয়োজন।



