কৃষকদের জন্য ‘কৃষি বিকাশ’ মোবাইল অ্যাপ চালু করল আসাম বিশ্ববিদ্যালয়

Spread the news

বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : কৃষি উন্নয়নে প্রযুক্তির ব্যবহার আরও সহজলভ্য করতে ‘কৃষি বিকাশ–বরাক ভ্যালি’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অর্থায়নে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এই বহুভাষিক ও ভয়েস-সক্ষম কৃষি অ্যাপের মাধ্যমে কৃষক ও আগ্রহী ব্যবহারকারীরা সহজেই কৃষি সংক্রান্ত পরামর্শ, ফসল সম্পর্কিত তথ্য ও উন্নত আবহাওয়ার পূর্বাভাস পেতে পারবেন।

অ্যাপটির প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে— ফসলভিত্তিক আধুনিক কৃষি পরামর্শ, মাটির স্বাস্থ্য, সার প্রয়োগ ও চাষাবাদের নির্দেশিকা, অগ্রিম আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা, পোকামাকড় ও রোগ শনাক্তকরণ এবং তার প্রতিকার সম্পর্কিত তথ্য। এছাড়াও স্থানীয় ভাষায় ভয়েস সহায়তা, গুরুত্বপূর্ণ কৃষি আপডেট ও নোটিফিকেশন এবং বরাক নদী অববাহিকা অঞ্চলের জন্য বিশেষ কৃষি তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোরে গিয়ে এই এপ ডাউনলোড করা যাবে। ডাউনলোডের লিংক :  https://play.google.com/store/apps/details?id=com.auskv

কম দামের স্মার্টফোন ও ধীরগতির ইন্টারনেট সংযোগেও যাতে অ্যাপটি নির্বিঘ্নে ব্যবহার করা যায়, সেই বিষয়টি মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে।এই অ্যাপ ব্যবহারের জন্য সর্বস্তরের কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রকল্পটির প্রধান আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সোমনাথ মুখোপাধ্যায়। তিনি আরও জানান, ব্যবহারকারীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে ভবিষ্যতে অ্যাপটির আরও উন্নয়ন করা হবে। এরমাধ্যমে বরাক নদী অববাহিকার কৃষি সম্প্রদায় আরও বেশি উপকৃত হতে পারেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *