গণআন্দোলনের ধারাকে শক্তিশালী করতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা : অরুণাংশু

Spread the news

শ্রীভূমিতে এসইউসিআই(সি)-র প্রার্থীদের সমর্থনে একাধিক পথসভা______

বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসইউসিআই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থীদের সমর্থনে করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে রবিবার একাধিক পথসভা ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী যথাক্রমে অরুণাংশু ভট্টাচার্য, রূপশ্রী গোস্বামী, বিজিতকুমার সিনহা ও সঞ্চিতা শুক্লের সমর্থনে এই কর্মসূচিগুলি আয়োজিত হয়।

উত্তর করিমগঞ্জের লঙ্গাই বাজারে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রার্থী অরুণাংশু ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য সুব্রত চৌধুরী এবং জেলা কমিটির সদস্য বিষ্ণু দত্ত পুরকায়স্থ। একইভাবে পাথারকান্দি কেন্দ্রে বিজিতকুমার সিনহার সমর্থনে বিভিন্ন স্থানে পথসভা হয়, যেখানে বক্তব্য রাখেন মলিন দেববর্মা ও বিনয় হালামসহ দলের নেতৃবৃন্দ।

দক্ষিণ করিমগঞ্জে নিলামবাজার, গান্ধাইর বাজার ও বালিয়া বাজারে অনুষ্ঠিত সভায় প্রার্থী রূপশ্রী গোস্বামী এবং অসম রাজ্য কমিটির সদস্য প্রজ্জ্বল দেব বক্তব্য রাখেন। অপরদিকে রামকৃষ্ণনগর কেন্দ্রে বরুয়ালা বাজার, আনিপুর তিমুখা ও নতুন বাজারে সঞ্চিতা শুক্লের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ডাঃ অনির্বাণ ভৌমিক।

সভাগুলিতে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর দুরবস্থা নিয়ে সরব হন। অরুণাংশু ভট্টাচার্য বলেন, গণআন্দোলনের ধারাকে শক্তিশালী করতেই তাদের দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের সমস্যাকে উপেক্ষা করে শাসক দল সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে।

অন্যদিকে, সুব্রত চৌধুরী ও প্রজ্জ্বল দেব অভিযোগ করেন, বড় পুঁজিপতিদের স্বার্থে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের পথে এগোচ্ছে, যার ফলে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠছে। তারা সকল প্রার্থীকে ‘ব্যাটারি টর্চ’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *