চলন্ত অবস্থায় বুলেট বাইকে আগুন, রক্ষা সেনাকর্মীর

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : গুয়াহাটির পাথরকুয়ারি এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় একটি রয়্যাল এনফিল্ড বুলেট বাইক হঠাৎ আগুন লেগে যায়, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান এক সেনা জওয়ান। ঘটনাটি জড়িত নায়েক সারভেজ (২৬)-এর সঙ্গে, যিনি নারেঙ্গি আর্মি ক্যাম্পের কর্মরত সেনা সদস্য। জানা গেছে, তিনি পাথরকুয়ারির একটি পেট্রল পাম্প থেকে নিজের মোটরসাইকেল (নম্বর UP62-BD-2207)-এ জ্বালানি ভরে ক্যাম্পে ফিরছিলেন।

পাথরকুয়ারি তিনআলি এলাকায় পৌঁছানোর সময় হঠাৎ বাইকে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝে দ্রুত বাইকটি থামিয়ে পাশের একটি হোটেল থেকে জল আনার জন্য ছুটে যান ওই জওয়ান। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বাইকের তেলের ট্যাঙ্ক বিস্ফোরিত হয় এবং পুরো যানটি আগুনে পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গাছপালাতেও, ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও সাতগাঁও ট্রাফিক পুলিশের কর্মীরা একযোগে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আগুন সম্পূর্ণ নেভানোর পর ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে সাতগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং জওয়ানটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রক্ষা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *