২৫ মার্চ : ইউক্রেনে একদিনে প্রায় সাড়ে ৯শ’ ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া, যা যুদ্ধ শুরুর পর সবচেয়ে ব্যাপক ও পরিকল্পিত হামলার মধ্যে একটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে সাড়ে পাঁচশ’র বেশি ড্রোন ছোড়া হয়। এই হামলায় লিভি শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইভানো-ফ্রানকিভ্-স্কে দুইজন এবং ভিনিতসিয়ায় একজন নিহত হয়েছেন।
এর আগে রাতভর রাশিয়া প্রায় চারশ’ ড্রোন ও ৩৪টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের ১১টি অঞ্চলে হামলা চালায়। এই হামলায় আরও পাঁচজন নিহত হয়। যদিও কিয়েভের দাবি, বেশিরভাগ ড্রোন ভূপাতিত হয়েছে।
এই হামলায় আহত হয়েছেন বহু লোক, এবং অবকাঠামোগত ক্ষতির পরিমাণও ব্যাপক। বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একদিনে এত ব্যাপক হামলা ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি ও নাগরিক নিরাপত্তাকে নতুনভাবে ঝুঁকির মুখে ফেলেছে।
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি নাগরিকদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।



