রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : শিলচর-আইজল জাতীয় সড়কের চান্নিঘাট এলাকায় বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইলেকট্রিক অটোরিকশা চালকের মৃত্যু ঘটল। মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে চালক অভিষেক দাস। বয়স ২৫ বছর। দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল প্রায় সাড়ে ৫টা নাগাদ ভাগাবাজার দিক থেকে চান্নিঘাট অভিমুখে আসছিল একটি ইলেকট্রিক অটোরিকশা। চান্নিঘাট মসজিদের কাছাকাছি পৌঁছাতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি টিপার সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর অটোর সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর অন্য একটি গাড়ির সাহায্যে রশি বেধে অটোর ভেতর থেকে চালককে উদ্ধার করা সম্ভব হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত শিলচর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনায় চালকের একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃত চালক দক্ষিণ ধলাই জেলার সপ্তগ্রাম এলাকার বাসিন্দা।
এদিকে, লায়লাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি নিজেদের হেফাজতে নিয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।



