বড়জালেঙ্গা মণ্ডলে শক্তিকেন্দ্র সভায় জোরদার প্রচার, কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে উজ্জীবিত অমিয়

Spread the news

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : নির্বাচনী প্রচারে গতি আনতে বড়জালেঙ্গা মণ্ডলের বিভিন্ন শক্তিকেন্দ্রে দিনভর সভা করে জনসংযোগ জোরদার করলেন বিজেপি মনোনীত প্রার্থী অমিয়া কান্তি দাস। কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাসে তিনি আরও উদ্দীপ্ত হয়ে সংগঠনকে তৃণমূল স্তরে মজবুত করার উপর জোর দেন।

শনিবার ছোটজালেঙ্গা বাগান নাচঘরে দিনের সূচনা করে পর্যায়ক্রমে আইরংপাড়া শ্মশান কালীবাড়ি, পূজারীবিল কমিউনিটি হল, তারানাথপুর দুর্গাবাড়ি, ১৬ নম্বর মহাদেব বাড়ি এবং মৃদুল কান্তি নাথের বাসভবন সংলগ্ন এলাকায় একাধিক সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি সভায় কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তিনি বলেন, “প্রতিটি বাড়িতে পৌঁছে মানুষের সমস্যার কথা শুনতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে—তবেই সংগঠন প্রকৃত অর্থে শক্তিশালী হবে।”

শৃঙ্খলা, ঐক্য এবং দায়িত্ববোধের উপর গুরুত্ব আরোপ করে তিনি বুথভিত্তিক প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেন। কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

এদিন কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অমিয়া কান্তি দাস বলেন, “মানুষের এই বিপুল সাড়া ও কর্মীদের ঐক্য আমাকে নতুন আত্মবিশ্বাস দিচ্ছে। এবারের লড়াই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লড়াই। উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
দিনের কর্মসূচির শেষে লক্ষ্মীপুরে এক গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন তিনি। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন-সহ বরাক উপত্যকার একাধিক বরিষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলের মতে, এই ধারাবাহিক প্রচার বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করছে এবং ধলাই কেন্দ্রের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *