২৩ মার্চ : নিউ ইয়র্কের লা-গার্ডিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। একটি বিমানের সঙ্গে বিমানবন্দরেরই একটি দমকলের গাড়ির সংঘর্ষ ঘটে। বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে ‘এয়ার কানাডা এক্সপ্রেস’-এর একটি বিমানের সঙ্গে দমকল গাড়ির সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এই সংঘর্ষের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে উদ্ধার ও যাত্রী সরিয়ে নেওয়ার কাজ চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, যাত্রীরা বিমান থেকে নেমে আসার সময় বিমানটির সামনের অংশ (নোজ) কয়েক ডিগ্রি ওপরের দিকে উঠে গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিমানবন্দরের সব বিমানের জন্য ‘গ্রাউন্ড স্টপ’ বা বিমান ওড়ার কাজ স্থগিতের নির্দেশ দিয়েছে।
এফএএ-এর ওই নির্দেশিকায় জানানো হয়েছে যে, বিমানবন্দরে এই সাময়িক বিরতির কারণ হল একটি জরুরি পরিস্থিতি। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য উল্লেখ না করেই জানানো হয়েছে যে, এই স্থগিতাদেশের মেয়াদ আরও দীর্ঘায়িত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
তবে, এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না কিংবা ক্ষয়ক্ষতির মাত্রা ঠিক কতটা – সে বিষয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি।




