বরাক তরঙ্গ, ১২ মার্চ : ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র সংসদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগুর কথিত দুর্ব্যবহার ও অশোভন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগিতায় স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ৫০ শতাংশ ফি ছাড় এবং পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্সে বিনামূল্যে ভর্তি ব্যবস্থা বহাল রাখার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।
অভিযোগ, এই দাবিগুলি নিয়ে আলোচনা করতে শিক্ষামন্ত্রী রনোজ পেগু তাঁর বাসভবনে ছাত্র সংসদের প্রতিনিধিদের ডেকে পাঠালেও সেখানে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এআইডিএসও। সংগঠনের মতে, কোনও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যার সমাধানে যদি সরকার ও প্রশাসন এগিয়ে না আসে, তবে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র আন্দোলন সংগঠিত করা একটি গণতান্ত্রিক দেশের নাগরিক ও ছাত্রসমাজের মৌলিক অধিকার। এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিলের বক্তব্য, শিক্ষামন্ত্রীর এই আচরণ শুধু অগণতান্ত্রিক নয়, তাঁর মন্তব্যে স্বৈরাচারী মনোভাব ও ক্ষমতার দম্ভের প্রকাশ ঘটেছে। এই ধরনের আচরণ আসামের ছাত্রসমাজ ও গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ কোনওভাবেই মেনে নেবে না বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনটি আরও জানায়, ব্রিটিশ শাসনামলে কুখ্যাত কার্লাইল সার্কুলার জারি করে ছাত্র আন্দোলন দমন করার চেষ্টা হলেও তৎকালীন পরাধীন ভারতবর্ষে তীব্র ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল। বর্তমানে জাতীয় শিক্ষা নীতি ২০২০ কার্যকর করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে এর বিরুদ্ধে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় তারা।

এদিকে, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (পিজিএসইউ) শিক্ষামন্ত্রীর আচরণের প্রতিবাদে এবং তাদের দাবি পূরণের দাবিতে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। ওই আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছে এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিল। সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ও সরকারের কর্তাদের মনে রাখা উচিত যে তারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, কোনও রাজা নন। জনগণের করের টাকায় সরকার পরিচালিত হয় এবং সেই অর্থেই ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের প্রয়োজন পূরণের দায়িত্ব সরকারের।
এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিল ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও ছাত্রছাত্রীদের উত্থাপিত ন্যায়সঙ্গত দাবিগুলি অবিলম্বে মেনে নেওয়ার জোরালো দাবি জানিয়েছে। অন্যথায় ভবিষ্যতে সরকারকে তীব্র গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।



