বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : ভোটগ্রহণের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। মঙ্গলবার নির্বাচনী প্রচার শেষ হলেও রাত বাড়তেই রাজ্যের বিভিন্ন স্থানে প্রাক-নির্বাচনী হিংসার ঘটনা সামনে আসে। এরই মধ্যে শদিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাকপথার এলাকায় বুধবার ভোরে এক চাঞ্চল্যকর হিংসার ঘটনা ঘটে। জানা গেছে, ভোর প্রায় ৩টা নাগাদ ৩ নম্বর কাকপথার এলাকায় এই ঘটনা সংঘটিত হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, দুর্বৃত্তরা বিজেপি সমর্থক সঞ্জয় গোয়ালা নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে তাঁর পরিবারের চারচাকা গাড়ি এবং ধানের ভাঁড়ারে আগুন ধরিয়ে দেয়। পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ভুক্তভোগী সঞ্জয় গোয়ালা জানান, “বুধবার ভোর ৩টা নাগাদ দু’জন দুর্বৃত্ত ভাঁড়ার এবং গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সেই সময় আমার ভাই ঘুম থেকে উঠে পড়ায় দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।” তিনি আরও বলেন, “আমার কোনও শত্রু নেই। অনেক কষ্ট করে গাড়িটি কিনেছিলাম। কে বা কারা শত্রুতার বশে এই কাজ করল বুঝতে পারছি না। এক বছরের ধান পুড়ে গেল। এখন কীভাবে চলব, সন্তানদের কী খাওয়াব সেটাই বুঝতে পারছি না।”
উল্লেখ্য, ৭ এপ্রিল নির্বাচনী প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থী বলীন চেতিয়ার সমর্থনে সঞ্জয় গোয়ালার বাড়িতে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই কারণেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে পরিবার।



