৮ এপ্রিল : মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মধ্যে হঠাৎ করেই কূটনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের আভাস মিলেছে। ইরানকে ‘নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পথে হাঁটার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই দখলদার ইজরায়েলও দুই সপ্তাহের সম্ভাব্য যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইজরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সাময়িক সংঘাত থামাতে একটি সীমিত সময়ের জন্য যুদ্ধবিরতির বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছে ইজরায়েল। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো যৌথ ঘোষণা আসেনি, তবুও কূটনৈতিক সূত্রগুলো বিষয়টিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইজরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। একই তথ্য ইজরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এও প্রচারিত হয়েছে, যা বিষয়টির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।



