বদরপুরে টিপারের ধাক্কায় প্রাণ গেল যুবকের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ মার্চ : টিপারের ধাক্কায় মৃত্যু ঘটল এক যুবকের। মৃত যুবক বদরপুর থানার অন্তর্গত ভাঙ্গা বাদেউত্তর (মাছলি) গ্রামের বাসিন্দা কুতুব আলি ওরফে খলু মিয়ার ২৬ বছর বয়সী ছেলে হেলাল উদ্দিন। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, স্কুটি নিয়ে বদরপুর থেকে বাড়ি ফেরার পথে নাগাদ ভারতমালা জিরো পয়েন্ট মালুয়া এলাকায় পূর্ব কান্দিগ্রাম আটা মিলের সামনে জাতীয় সড়কে পৌঁছালে শ্রীভূমি দিক থেকে বদরপুরমুখী TR-05-J-1900 নম্বরের একটি টিপার দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় হেলাল উদ্দিন সড়কে ছিটকে পড়েন এবং টিপারের চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্কুটিতে থাকা আরেক যুবক গুরুতর আহত হয়ে শিলচর মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে মালুয়া পিআইসিপির ইনচার্জ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি বদরপুর অগ্নি নির্বাপক বাহিনীর দলও সেখানে উপস্থিত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। অগ্নি নির্বাপক বাহিনী জল ছিটিয়ে সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়ি পুলিশ থানার হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *