মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : কাটিগড়া এলাকার ধলছড়া প্রথম খণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। বুধবার বিকেলে বাড়ির অদূরে বেপরোয়া গতির একটি বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত মহিলার নাম ছায়ারানি চন্দ (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ তিনি বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় দ্রুতবেগে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাঁকে। প্রচণ্ড আঘাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ছায়ারানি চন্দ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড়খলা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত বাইকসহ চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



