বরাক তরঙ্গ, ৩০ মার্চ : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে এনএসএস সেলের ৭ দিনের বিশেষ শিবির সমাপ্ত হল। সোমবার শেষ দিনে সমাপ্তি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সাত দিনব্যাপী এই শিবির সফলভাবে সম্পন্ন হওয়ায় এনএসএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. রাজর্ষি কৃষ্ণ নাথ অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২৩ মার্চ শিবিরের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনএসএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. রাজর্ষি কৃষ্ণ নাথ, প্রোগ্রাম অফিসার ড. বামনকিরি রংপি, অভিজিৎ জয়সওয়াল, রিম্পি সোনোয়াল, চন্দ্রমিতা বড়ো এবং বিজয়া বর্ধন।
শিবিরের দ্বিতীয় দিনে চারুকলা ও হস্তশিল্প, গল্প বলা, কবিতা পাঠ এবং বিভিন্ন যুব কার্যক্রমের আয়োজন করা হয়। তৃতীয় দিন ইটখোলাঘাটের বীর টিকেন্দ্রজিত বিদ্যালয়ে ক্রীড়া দিবস পালিত হয়। চতুর্থ দিনে নিবেদিতা নারী সংস্থার অধীন শিশু গৃহে আউটরিচ কার্যক্রমের অংশ হিসেবে যুব কার্যক্রম, ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পঞ্চম দিনে ইটখোলাঘাট কালিবাড়িতে ভোটার সচেতনতা কর্মসূচির পাশাপাশি ইভিএম ও ভিভিপিএটি প্রদর্শনী আয়োজন করা হয়। ষষ্ঠ দিনে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।



