সোনাবাড়িঘাটে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, নজির মুসলিম অধ্যুষিত এলাকায়

Spread the news

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাবাড়িঘাটে শুক্রবার রাতে এক অভিনব রাজনৈতিক ঘটনার সাক্ষী থাকল গোটা এলাকা। শতভাগ মুসলিম অধ্যুষিত এবং দীর্ঘদিন ধরে কংগ্রেস প্রভাবিত হিসেবে পরিচিত এই অঞ্চলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-কে ঘিরে সাধারণ মানুষের উষ্ণ ও স্বতঃস্ফূর্ত অভ্যর্থনা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাবাড়িঘাটে মুখ্যমন্ত্রীর কোনও পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। তিনি সোনাইয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে এলাকাটি অতিক্রম করছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাঁর কনভয় থামিয়ে দেন। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম ও এলাকা থেকে মুহূর্তের মধ্যে বহু মানুষ সেখানে জড়ো হন।

প্রথমবার এত কাছ থেকে একজন মুখ্যমন্ত্রীকে দেখার সুযোগ পেয়ে এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেকেই এগিয়ে এসে করমর্দনের মাধ্যমে তাঁকে অভিবাদন জানান, আবার অনেকে গলায় গামছা পরিয়ে সম্মান প্রদর্শন করেন। পুরো ঘটনাকে ঘিরে সোনাবাড়িঘাট জুড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

উল্লেখযোগ্য বিষয় হল, মুখ্যমন্ত্রীর প্রতি মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে দূরত্ব বা অসন্তোষের ধারণা এতদিন প্রচলিত ছিল, এই ঘটনায় তার কোনও স্পষ্ট প্রতিফলন দেখা যায়নি বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। বরং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উচ্ছ্বাস রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বার্তা বহন করছে বলেই মত বিশ্লেষকদের।

এই আকস্মিক অভ্যর্থনা শুধু স্থানীয় বাসিন্দাদের আবেগ ও আগ্রহকেই তুলে ধরেনি, বরং নির্বাচনী আবহে সোনাই কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ নিয়েও নতুন করে আলোচনা শুরু করেছে। শতভাগ মুসলিম জনবসতিপূর্ণ এলাকায় মুখ্যমন্ত্রীকে এভাবে স্বাগত জানানোর ঘটনা অনেকের মতে এক নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে। কংগ্রেস প্রভাবিত এলাকায় মুখ্যমন্ত্রীকে ঘিরে যে উষ্ণতা ও সম্মান প্রদর্শন করা হয়েছে, তা নিঃসন্দেহে সোনাবাড়িঘাট এলাকার ভাবমূর্তিকে নতুনভাবে তুলে ধরেছে এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *