বরাক তরঙ্গ, ৫ মার্চ : কাছাড় জেলার কাটিগড়া এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার সাদিরখাল বাজারে এই অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই দোকানটিতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের দ্রুত পদক্ষেপের ফলে বাজারের অন্যান্য দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তবে মিষ্টির দোকানটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



