বরাক তরঙ্গ, ৩ এপ্রিল: সোনাই বিধানসভা এলাকায় শুক্রবার আচমকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সফরকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। দুপুর থেকেই তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়তেই সোনাই বাজারে জনতার ঢল নামে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
রাত প্রায় ৯টা নাগাদ সোনাই বাজারে পৌঁছে মুখ্যমন্ত্রী নিজেই ‘সাজু ভাই জিন্দাবাদ’ ধ্বনি তোলেন, যা মুহূর্তের মধ্যে উপস্থিত জনতার কণ্ঠে প্রতিধ্বনিত হয়। বিপুল জনসমাগমের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, সোনাইয়ের উন্নয়নের দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেছেন।

তিনি অসম গণ পরিষদের প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু)-র জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং ঘোষণা করেন, তিনি নির্বাচিত হলে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।
এর আগে ধনেহরি পয়েন্টেও মুখ্যমন্ত্রীকে ঘিরে বিপুল জনসমাগম দেখা যায় এবং উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আগে থেকে সেখানে জনতা ও অগপ কর্মকর্তারা প্রস্তত ছিলেন। কিন্তু, সোনাবাড়িঘাটে কনভয় থামিয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি গামছা দিয়ে বরণ করেন অনেকে। সোনাবাড়িঘাট ও ধনেহরির ইতিহাসে প্রথম কোনও মুখ্যমন্ত্রীকে কাছে থেকে বরণ করেন এলাকার জনগণ। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে অনেকেই আনন্দে আপ্লূত।
রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই আকস্মিক সফর সোনাই বিধানসভা কেন্দ্রের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।



