রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : পবিত্র মাহে রমজানের শেষ জুমা ‘জুমাতুল বিদা’ শিলচরে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ঐতিহ্যবাহী শিলচর বড় মসজিদে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে।
শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহর ও শহরতলীর বিভিন্ন প্রান্ত, এমনকি জেলার দূরদূরান্ত থেকেও দলে দলে মানুষ এসে সমবেত হন। আজানের অনেক আগেই তিনতলা বিশিষ্ট মসজিদের প্রতিটি তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শুধু তাই নয়, মসজিদের বেসমেন্ট, ওজুখানা এবং লাইব্রেরি কক্ষেও মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়। মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, এদিন পাঁচ হাজারেরও অধিক মুসল্লি জুম্মার নামাজে অংশগ্রহণ করেন।

এদিন জুমার নামাজ আদায় করতে সকাল থেকেই মসজিদমুখী হন মুসল্লিরা। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। পাশাপাশি, নিজেদের জানা-অজানা ভুলত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন উপস্থিত মুসল্লিরা। শিলচর ইন্ডিয়া ক্লাব মসজিদ, শিলচর বড় মসজিদ, কাছাড়ি মসজিদ ও মেহেরপুর পুরাতন মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে এদিন বিপুল সংখ্যক মুসল্লির সমাগম লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় এই গুরুত্বপূর্ণ দিনটি পালিত হওয়ায় সর্বত্র এক পবিত্র আবহের সৃষ্টি হয়।




