দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : শিলচরে বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়ের সমর্থনে এক বিশাল নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তাঁর নেতৃত্বে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে এই পদযাত্রা জনমনে ব্যাপক সাড়া ফেলে। বিবেকানন্দ শিশু মন্দির থেকে শুরু হওয়া মিছিলটি কলেজ রোড, ইসকন মন্দির রোড, শ্মশান রোড, দেশবন্ধু রোড, সিভিল হাসপাতাল রোড, অম্বিকাপট্টি, প্রেমতলা এবং উইমেন্স কলেজ এলাকা ঘুরে শিলংপট্টির একটি হোটেলের নিকটে গিয়ে সমাপ্ত হয়। পদযাত্রায় দলীয় কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এলাকায় বিজেপির প্রতি ক্রমবর্ধমান জনসমর্থনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
দলীয় নেতারা জানান, এই পদযাত্রা শুধু নির্বাচনী প্রচার নয়, বরং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রতিফলন। মিছিলে বিভিন্ন স্লোগান, প্রচার ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়। অনেকেই শিলচরের উন্নত পরিকাঠামো ও সামগ্রিক অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রচারের সময় নেতারা “বিকশিত ভারত, বিকশিত অসম এবং বিকশিত শিলচর”-এর লক্ষ্য সামনে রেখে উন্নয়ন, সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পদযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মধ্য শহর মণ্ডলের সভাপতি হীরক চৌধুরী, দেবাশিস সোম, প্রাক্তন পুর কমিশনার চামেলি পাল, অমরেন্দ্র পালসহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা।



