মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি: কাছাড় জেলার কালাইন থানা এলাকার অন্তর্গত বিহাড়া ৩য় খণ্ডে সরকার অনুমোদিত একটি ফুটব্রিজ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, একদল ব্যক্তি নির্মাণকাজে বাধা সৃষ্টি করে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে এবং দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ককে হুমকি দিয়ে কাজের স্থান থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় তত্ত্বাবধায়ক আক্তারুন নেহার কালাইন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিহাড়া খালের উপর নির্মীয়মাণ এই ফুটব্রিজ দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। সেতুটি নির্মিত হলে ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ সহজেই খালের এপার-ওপার যাতায়াত করতে পারবেন। পাশাপাশি কবরস্থানে যাতায়াতের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কয়েক মাস আগে গ্রামের বাসিন্দা আবু বক্কর ও রসিম উদ্দিন ফুটব্রিজ নির্মাণে আপত্তি জানালেও পরে লিখিতভাবে তাদের আপত্তি প্রত্যাহার করেন। তবে গত মঙ্গলবার সকালে আবু বক্করের নেতৃত্বে প্রায় ১২ থেকে ১৫ জনের একটি দল নির্মাণস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে কাজ বন্ধ করে দেয়। এমনকি তত্ত্বাবধায়ক আক্তারুন নেহারকেও ধারালো অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সরকারি উন্নয়নমূলক কাজে বাধা দূর করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



