শিলচরে সোশ্যাল মিডিয়ায় সোনা চুরির মিথ্যা অভিযোগ, মামলা

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : শিলচরে এক মহিলার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোনা চুরির মিথ্যা অভিযোগ তুলে পোস্ট করার ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় রাঙ্গিরখাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঘোষ পদবীর মহিলা। পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়ে সাইবার ক্রাইম শাখাতেও অভিযোগ জানিয়েছেন। তিনি সংবাদ কর্মীদের ডেকে পুরো ঘটনা তুলে ধরে জানান, কয়েকদিন আগে তিনি শিলচরের তুলাপট্টি এলাকার একটি সোনার দোকানে হাতের শঙ্খ কিনতে যান। সেই সময় হঠাৎ এক মহিলা দোকানের সামনে অকারণে ঝগড়া শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি তাঁর সঙ্গে থাকা দাস পদবীর আরেক মহিলাকে নিয়ে সেখান থেকে চলে আসেন। এরপর একদিন হঠাৎ তাঁর হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে। বার্তাটি খুলে তিনি দেখতে পান, বণিক পদবীর এক মহিলা ফেসবুকে তাঁর ও তাঁর সঙ্গে থাকা মহিলার ছবি পোস্ট করে তাঁদের বিরুদ্ধে সোনা চুরির অভিযোগ এনেছেন। অভিযোগে কোনও প্রমাণ উপস্থাপন করা হয়নি বলেও দাবি করেন  ঘোষ।

ঘটনার সত্যতা জানতে তিনি পুনরায় তুলাপট্টির ওই সোনার দোকানে গিয়ে ওই মহিলার সঙ্গে কথা বলতে গেলে, অভিযোগ অনুযায়ী, মহিলা তাঁদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে সেখান থেকে বেরিয়ে এসে রাঙ্গিরখাড়ি ফাঁড়িতে ৫ ফেব্রুয়ারি মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে সাইবার ক্রাইম শাখায়ও অভিযোগ জমা দেন।

প্রশাসনের কাছে তিনি আবেদন করেন অবিলম্বে তাঁর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রত্যাহার করা হোক এবং দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো না হয়, তার জন্যও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *