রমজান উপলক্ষে জিএনআরএফ-এর উদ্যোগে ১০০ পরিবারের মধ্যে রেশন সামগ্রী বিতরণ

Spread the news

বরাক তরঙ্গ, ৯ মার্চ : পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার অন্যতম বিভাগ গরীব নেওয়াজ রিলিফ ফাউন্ডেশন (GNRF)। সংগঠনটির উদ্যোগে শিলচর শহরের প্রায় ১০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে প্রয়োজনীয় রেশন সামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোমবার শিলচরের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি অসহায় পরিবারের হাতে ইতিমধ্যে রেশন সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোর মধ্যেও এই রেশন বিতরণ করা হবে। প্রতিটি রেশন প্যাকেটে চাল, ডাল, ভোজ্যতেল, সাবান, আলু, পেঁয়াজ ও ময়দাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে। প্রতিটি প্যাকেটের আনুমানিক মূল্য প্রায় ১৫০০ টাকা বলে জানানো হয়েছে। রমজান মাসে দরিদ্র মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘবের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জিএনআরএফ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির, বৃক্ষরোপণ, খাদ্য বিতরণ, মানবিক সহায়তা, নেশা বিরোধী সচেতনতা অভিযান এবং অসহায় শিক্ষার্থীদের সহায়তা প্রদান। সংগঠনের সদস্যরা জানান, সমাজে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *