সোনাবাড়িঘাটে সড়কের উপর নড়বড়ে তোরণ, আতঙ্কে এলাকাবাসী

Spread the news

বরাক তরঙ্গ, ৯ মার্চ : সোনাইয়ের সোনাবাড়িঘাট এলাকায় সড়কের উপর স্থাপিত একটি নড়বড়ে তোরণকে ঘিরে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। জানা গেছে, মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানের প্রচারের জন্য এই তোরণটি নির্মাণ করা হয়েছিল। তবে অনুষ্ঠান শেষ হওয়ার প্রায় এক মাস পার হলেও এখনও তোরণটি সরানো হয়নি।স্থানীয়দের অভিযোগ, সোনাবাড়িঘাটের একটি স্কুল ও হাসপাতালের সামনে সড়কের উপর দাঁড়িয়ে থাকা তোরণটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাতাসে যেকোনও সময় এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাসাধিক সময় ধরে তোরণটি সরানো না হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় যুবক অপ্পু মজুমদার বলেন, আয়োজকদের এই দায়িত্বজ্ঞানহীনতার কারণে যদি কোনও দুর্ঘটনা ঘটে, তবে তার দায়ভার তাদেরই নিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী দু’দিনের মধ্যে তোরণটি সরানো না হলে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন। তিনি আরও বলেন, নড়বড়ে তোরণটি একদিকে যেমন পড়ুয়াদের স্কুলে যাতায়াতে বাধা সৃষ্টি করছে, তেমনই এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *