বরাক তরঙ্গ, ৮ মার্চ : রবিবার বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অধীনে এসওপিডি(জি) প্রকল্প থেকে ধলাই বিধানসভা কেন্দ্রের ছয়টি চা বাগানে নাচঘর ও তিনটি মন্দিরের কমিউনিটি হল নির্মাণ কাজের জন্য সর্বমোট নয়টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক নীহাররঞ্জন দাস। এদিন বাগবাহার চা-বাগান নাচঘর, কালাছড়া চা-বাগান নাচঘর, দার্বি চা-বাগান নাচঘর, বিনোদনগর চা-বাগান নাচঘর, পালই চা বাগানের অধীন বাঁশখাল নাচঘর ও মণিয়ারখাল চা-বাগান নাচঘরের শিলান্যাস করেন বিধায়ক। প্রতিটি নাচঘর নির্মাণের জন্য বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অধীনে ৩৫ লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে।
এছাড়া এদিন এসওপিডি (জি) প্রকল্পের অধীনে ধলাই জিপির রামপ্রসাদপুরে বিষ্ণু মণ্ডপের কমিউনিটি হল, দক্ষিণ নরসিংপুর জিপির বেকিরপারে জগন্নাথ জিউ মন্ডপের কমিউনিটি হল ও গঙ্গানগর জিপির বনতারাপুর মণিপুরি মণ্ডপ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক নীহাররঞ্জন দাস। প্রতিটি মণ্ডপ নির্মাণের জন্য ৩০ লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে। শিলান্যাস করা নয়টি প্রকল্পের জন্য সর্বমোট তিন কোটি টাকা মঞ্জুর হয়েছে।
এদিন বিভিন্ন স্থানে আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন, ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে গরীবের সরকার। কারণ দরিদ্র জনসাধারণের জন্য বিনামূল্যে রেশন, অরুণোদয় প্রকল্প দিয়েছে বিজেপি সরকার। বলেন কংগ্রেসের এক নেতা বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন ,অরুনোদয় প্রকল্প বন্ধ করে দেবে। এর ফলে গরিব জনসাধারণ ক্ষতির সম্মুখীন হবে। বিধায়ক বলেন, বিজেপি সরকার কথা দিয়ে কথা রাখতে জানে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেছিলেন প্রতিটি চা বাগানে ভালো নাচঘরের ব্যবস্থা করে দেবেন আর তিনি কথা রেখেছেন। ধলাই বিধানসভা কেন্দ্রের নয়টি চা বাগানে নাচঘর নির্মাণের জন্য ৩৫ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন তিনি।
এদিন তিনি আগামী ১8 মার্চ শিলচরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন বলে ধলাই কেন্দ্রের সকল জনসাধারণকে প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণ করার আহ্বান জানান। বরাক উপত্যকার জন্য প্রধানমন্ত্রী যুগান্তকারী পদক্ষেপ হিসাবে পাঁচগ্রাম ভরাপানি এক্সপ্রেস হাইওয়ের শিলান্যাস, শিলচরে ফ্লাইওভার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করবেন বলে জানান বিধায়ক।
এদিনের পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব, আইরংমারা সোনাছড়া জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারী, বিজেপির ধলাই-নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, জেলা পরিষদ সদস্যা পম্পী নাথ চৌধুরী , বিজেপির কাছাড় জেলা সম্পাদক পরেশ তাঁতী, ধলাই কেন্দ্রের বিজেপির নির্বাচনী কনভেনর সীতাংশু দাস, সহ প্রভারী রাহুল ভট্টাচার্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দিবাকর সিনহা, পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশ, সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি সোমেন দাস, বিভাষ রঞ্জন দেব বিভাগীয় ইঞ্জিনিয়ার বিশ্বজ্যোতি নাথ চৌধুরী, বিজেপির বড়জালেঙ্গা মণ্ডল সাধারণ সম্পাদক সুপায়ন চৌধুরী, প্রীতম ঘোষ, পুতুল সিনহা প্রমুখ।



