পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ মার্চ : কাছাড় জেলার কাশিপুর চা-বাগানের বাসিন্দা শ্রমিক সাগর রবিদাস শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউতে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে মারা যান। পরিবারের অভিযোগ, আর্থিক সংকটের কারণে হাসপাতালের বকেয়া বিল পরিশোধ করতে না পারায় প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে অনিচ্ছা প্রকাশ করে।পরিবারের সদস্যরা জানান, সাগর রবিদাসের কাছে আয়ুষ্মান ভারত কার্ড বা রেশন কার্ড কোনোটিই ছিল না। ফলে তিনি সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাননি। দরিদ্র পরিবারের পক্ষে হাসপাতালের বিল পরিশোধ করা সম্ভব হচ্ছিল না।
এ বিষয়ে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত জানান, রোগীর কাছে যদি আয়ুষ্মান কার্ড থাকত তবে এই সমস্যা দেখা দিত না। নিয়ম অনুযায়ী হাসপাতালের বিল পরিশোধের পরই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর সিনিয়র সাংবাদিক দিলীপ কুমার বিষয়টি বিভিন্ন মহলে তুলে ধরে সহায়তার আবেদন জানান। পরে মারোয়ারি যুবা মঞ্চের শিলচর শাখা এবং প্রাক্তন বিধায়ক ও শ্রমিক নেতা রাজদীপ গোয়ালা এগিয়ে এসে হাসপাতালের বকেয়া বিল পরিশোধে সাহায্য করেন। তাঁদের সহযোগিতায় পরে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর পরিবার মরদেহ নিজ গ্রামে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করে। এ সময় গঙ্গাপুরের রাম প্রসাদ রবিদাসও পরিবারের পাশে দাঁড়ান।



