ভেঙে গেল কংগ্রেস ও রাইজর দলের জোট

Spread the news

বরাক তরঙ্গ, ৮ মার্চ : অবশেষে আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল কংগ্রেস ও রাইজর দলের জোট। কাজিরাঙায় সাংবাদিকদের সামনে এই ঘোষণা করেন রাইজর দলের সভাপতি অখিল গগৈ। জোট ভাঙার প্রসঙ্গে গৌরব গগৈ ও রকিবুল হোসেনের উপর দোষ চাপিয়ে প্রদ্যুৎ বরদলৈকে ক্লিনচিট দেওয়ার চেষ্টা করেন তিনি।

জোট ভাঙার জন্য গৌরব গগৈ ও রকিবুল হোসেনকেই দায়ী করেন অখিল গগৈ। তিনি বলেন, “গৌরব গগৈর দাম্ভিকতার কারণেই জোট গঠন সম্ভব হলো না। সবকিছু ছেড়ে রাইজর দল শুধু ধিং বিধানসভা আসনটিই চেয়েছিল।”

অখিল গগৈ আরও বলেন, “ধিং আসন ছেড়ে দিতে শেষ পর্যন্ত সম্মত হয়েছিলেন প্রদ্যুৎ বরদলৈ। কিন্তু গৌরব গগৈ ও রকিবুল হোসেন সেই আসন ছাড়তে রাজি হননি।” সেই কারণেই শেষ পর্যন্ত জোট গঠন সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

জোট ভাঙার ঘোষণা দিয়েই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অখিল গগৈ। এতদিন কংগ্রেসের সঙ্গে জোটের চেষ্টা চালানো অখিল বলেন, “কংগ্রেস বলে এখন আর কোনও দল নেই। ব্যক্তিস্বার্থের একটি দলে পরিণত হয়েছে কংগ্রেস।”

এছাড়াও গৌরব গগৈকে সরাসরি আক্রমণ করে অখিল গগৈ বলেন, “গৌরব গগৈর দাম্ভিক সিদ্ধান্তের কারণেই জোট ভেঙে গেল। আগের নির্বাচনে কংগ্রেস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এপিসিসির ক্ষমতা পাওয়ার পর গৌরব গগৈ আরও শক্তিশালী হয়ে উঠেছেন। কংগ্রেসের প্রার্থী তালিকাও একপাক্ষিক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *