বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : লক্ষীপুর কেন্দ্রের পয়ালাপুলে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি উপড়ে ফেলার ষড়যন্ত্র ও কুদ্দেশ্য কংগ্রেস কখনও সহ্য করবে না। এই ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তি বা কর্তৃপক্ষকে প্রশাসন দ্বারা অবিলম্বে গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই মূর্তিটি অসমের প্রাক্তন মন্ত্রী প্রয়াত দীনেশপ্রসাদ গোয়ালার উদ্যোগে মহান স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সম্মানে স্থাপন করা হয়েছিল। এই অসাংবিধানিক ও নেতিবাচক মানসিকতার কর্মকাণ্ড প্রাক্তন মন্ত্রীর মহত উদ্যোগকেও আঘাতপ্রাপ্ত ও অসম্মান করেছে। মূর্তিটি পুনরায়, একই স্থানে যথাযথ সম্মান ও শ্রদ্ধার সঙ্গে সাত দিনের মধ্যে পুনঃস্থাপন করতে হবে। অন্যথায় কংগ্রেস দল এই ঘটনার বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করতে বাধ্য হবে।

এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায় বলেন, এমন কর্মকাণ্ডে যেকোনও সময় অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করতে পারে। তাই কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সক্রিয়ভাবে এগিয়ে এসে সাত দিনের মধ্যে বিষয়টি সমাধান করার দাবি রাখেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রীকে বিষয়টিতে হস্তক্ষেপ করে দ্রুত সমাধান করার আবেদন জানান।



