মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : মঙ্গলবার দুপুরে পাথারকান্দির কানাইবাজার আখড়ার সম্মুখস্থ জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মুহূর্তের অসাবধানতায় ব্যস্ত সড়ক রণক্ষেত্রে পরিণত হয়, এতে একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দু-একজন চালক সামান্য আহত হলে তাঁদের দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রীভূমি থেকে পাথারকান্দিগামী একটি পেট্রোলচালিত অটো সামনে থাকা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে সামনের অটোটি দুর্ঘটনার শিকার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিলরির সঙ্গে ধাক্কা খায়। এদিকে, মূল ঘটনাকারী অটোটি পুনরায় আরেকটি অটোকে ধাক্কা মেরে সড়কের পাশে ছিটকে পড়ে।
ঘটনার খবর পেয়ে পাথারকান্দি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত তিনটি যানবাহন নিজেদের জিম্মায় নিয়ে তদন্ত শুরু করে। এ প্রসঙ্গে জিপিএফ-এর সভাপতি তথা ছাত্রনেতা বদরুল হক বেপরোয়া গাড়ি চালনা ও ট্রাফিক বিধি অমান্য করাকেই দুর্ঘটনার মূল কারণ বলে অভিযোগ করেন। তিনি সড়ক নিরাপত্তা বিধি কঠোরভাবে প্রয়োগ এবং চালকদের সচেতন হওয়ার আহ্বান জানান। স্থানীয় মহলের মতে, ব্যস্ত জাতীয় সড়কে এ ধরনের বেপরোয়া ওভারটেকিং ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধির পাশাপাশি চালকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা।



