বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া ও কাছাড় জেলা প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সত্যাগ্রহ থেকে পিছু হটেনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংগঠনগুলি। শনিবার দুপুর ২টা পর্যন্ত ৫৩ ঘণ্টা অতিক্রম করেছে তাদের এই সত্যাগ্রহ আন্দোলন। তৃতীয় দিনেও আন্দোলন অব্যাহত রয়েছে।
আন্দোলনরত সংগঠন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার সভাপতি অনিল রাজকুমার ও একজিকিউটিভ সাধারণ সম্পাদক গোপীদাস সিনহা জানান, এদিন আমরণ অনশনে বসা পাঁচজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। পরে প্রশাসনের পক্ষ থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সেলাইন দেওয়া হয়।

তাঁরা আরও জানান, বিষ্ণুপ্রিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে চালু করা সহ একাধিক দাবিতে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি ছাত্র পরিষদ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি গণসংগ্রাম পরিষদর কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে শিলচর শহরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এই আমরণ অনশন কর্মসূচি শুরু করা হয়। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, তাঁদের দাবিগুলি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে রেল অবরোধ, জাতীয় সড়ক অবরোধ সহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।



