দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : শিলচরের মালুগ্রাম মহাপ্রভু কলোনির বি-ব্লকে অবস্থিত ১৪ কাঠা জমির ঐতিহ্যবাহী পুকুর দখলের অভিযোগকারী দীপাঞ্জলি দেব কর ও অনুস্তুপা রায়দের দাবি পুকুরের ১৬জন দাতা পরিবারের সদস্যরা সরকারি দলিল সহ সঠিক প্রমাণ তুলে ধরে সম্পূর্ণভাবে অভিযোগ খণ্ডন করেছেন। বৃহস্পতিবার। মাধবেন্দ্র দত্ত চৌধুরী সহ অন্যান্যরা বিস্তারিত তুলে ধরে জানান, ৭০ বছর ধরে তারা এই এলাকায় বসবাস করে আসছেন। ১৯৫৬ সালে ১৬টি পরিবারের পূর্বপুরুষরা নিজ -নিজ খরিদকৃত জমি থেকে সমানভাবে অংশ ছেড়ে রাস্তা ও পুকুর নির্মাণ করেছিলেন মহাপ্রভু কলোনীর সকলের সুবিধার্থে। বর্তমানেও ধর্মীয় পূজা, পারিবারিক উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানে পুকুর থেকে জল নেওয়া হয়। পুকুরের একপাশে ডেফোডিলস স্কুল এবং অন্যপাশে সরস্বতী বিদ্যানিকেতন স্কুল অবস্থিত, যা এর কেন্দ্রীয় গুরুত্ব প্রমাণ করে। এছাড়া, শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দেওয়া সরকারি তহবিলের অর্থে পুকুরে গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে। পুকুরের জমি দাতা পরিবারগুলির সদস্যদের প্রশ্ন তুলেছেন, পাশের উত্তম কর, তাপস চন্দ্র দেব, দীপাঞ্জলি দেব কর ও অনুস্তুপা রায়েরা কীভাবে ভাড়াটে লোক এনে ১৬ পরিবারের এই ঐতিহ্যবাহী পুকুরকে নিজেদের বলে অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। তাঁরা দাবি করেন, কিছু সংখ্যক ভূ-মাফিয়া নানা পন্থা অবলম্বন করে জমি দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।
সরকারি দলিল ও প্রমাণের ভিত্তিতে তাঁরা বলেন, এমন দখলকারীদের এখানে কোনও স্থান নেই এবং এটি মালুগ্ৰামের মহাপ্রভু কলোনীর ইতিহাসের সঙ্গে কলঙ্ক। স্থানীয় প্রবীণ নাগরিক তপজ্যোতি ভট্টাচার্য বলেন, মালুগ্রাম মহাপ্রভু কলোনির এই পুকুর ইতিহাসের পাতায় স্পষ্ট এবং ১৬ পরিবারের আবেগের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভূ-মাফিয়া ও দুষ্কৃতীদের অবৈধ দখলের চেষ্টা সভ্য সমাজ কখনও মেনে নেবে না। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং জেলা প্রশাসনের কাছে বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহণ করে আইনি বিচারের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি প্রদানের আহ্বান জানান, যাতে অঞ্চলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর দত্ত পুরকায়স্থ, ড. বিভাসরঞ্জন চৌধুরী, দেবাশিস ঘোষ, প্রিয়জিৎ দে, বিশ্বজিৎ ভট্টাচার্য, অচ্যুৎ ভট্টাচার্য, প্রিয়ব্রত দাম, শুভাশিস ঘোষ, সঞ্জীব চক্রবর্তী, সরস্বতী বিদ্যানিকেতনের প্রতিনিধি রূপালী দত্ত, ডেফোডিলস স্কুলের প্রতিনিধি দিব্যেন্দু দে এবং সন্দীপন দত্ত পুরকায়স্থ প্রমুখ।



