শচীনপুর সিআরপিএফ ক্যাম্পে বিনামূল্যে ডিজিটাল পরিসেবা কেন্দ্রের সূচনা

দিলোয়ার বড়ভূইয়া, ধলাই।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : কাছাড় জেলার পূর্ব ধলাই অঞ্চলের শচীনপুর সিআরপিএফ ক্যাম্পে বিনামূল্যে একটি ডিজিটাল পরিসেবা কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। সিআরপিএফের সিভিক অ্যাকশন প্রোগ্রামের অধীনে ১৪৭ ব্যাটালিয়ন সিআরপিএফ শচীনপুর ক্যাম্পের উদ্যোগে এই পরিসেবা কেন্দ্র চালু করা হয়।

গ্রামীণ এলাকার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল পরিষেবার সুযোগ সম্প্রসারণ এবং ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সরকারি ও বেসরকারি সুবিধা সহজলভ্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিসেবা কেন্দ্রে জিও এয়ার ফাইবার ইন্টারনেট সংযোগের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা করা হয়েছে এবং দুইটি আধুনিক কম্পিউটার সেট স্থাপন করা হয়েছে। এর ফলে এলাকার ছাত্রছাত্রী, যুবক-যুবতীরা বিনামূল্যে অনলাইন ফর্ম পূরণ, চাকরির আবেদন, শিক্ষামূলক তথ্য অনুসন্ধান, ডিজিটাল রেজিস্ট্রেশনসহ বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা গ্রহণ করতে পারবেন।

সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিষেবা কেন্দ্র পরিচালনায় সহায়তার জন্য একজন অপারেটরও নিয়োজিত থাকবেন, যাতে ব্যবহারকারীরা প্রয়োজনীয় সহায়তা পান। বিশেষ করে যাঁরা ডিজিটাল পরিষেবার সঙ্গে নতুনভাবে যুক্ত হচ্ছেন, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।

সম্প্রতি এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪৭ ব্যাটালিয়ন সিআরপিএফের সহকারী কমান্ড্যান্ট কুন্দন কুমার, সহকারী কমান্ড্যান্ট পরবিন্দর সিংহ, প্রশিক্ষক কৃপা শঙ্কর মীনা সহ ব্যাটালিয়নের অন্যান্য আধিকারিক ও জওয়ানরা। তাঁদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়।

এই ডিজিটাল পরিসেবা কেন্দ্রের মূল উদ্দেশ্য হল গঙ্গানগর, মনিয়ারখাল, দর্মিখালসহ আশপাশের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের ডিজিটাল পরিষেবার আওতায় আনা। গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট সুবিধার অভাব ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বহু মানুষ অনলাইন পরিষেবা থেকে বঞ্চিত হন। নতুন এই উদ্যোগের ফলে সেই সমস্যা অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, ১৪৭ ব্যাটালিয়ন সিআরপিএফ শচীনপুর ক্যাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। দর্মিখাল গ্রাম পঞ্চায়েত সভানেত্রী বিউটি রায়, কৃষ্ণপুর-গঙ্গানগর গ্রাম পঞ্চায়েত সভানেত্রী রীণারাণী দাশ এবং মনিয়ারখাল গ্রাম পঞ্চায়েত সভানেত্রী সুনিতা ভূঁইয়া এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, এই উদ্যোগ এলাকার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে এবং ডিজিটাল শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বুধবার থেকেই পরিসেবা কেন্দ্রটি ব্যবহার শুরু করেছেন মনিয়ারখাল গ্রাম পঞ্চায়েত এলাকার ছাত্রছাত্রীরা। শচীনপুর সিআরপিএফ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, নিরাপত্তার পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সিআরপিএফের এই উদ্যোগ গ্রামীণ জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ডিজিটাল ভারতের লক্ষ্যে এক ধাপ এগিয়ে দেবে পূর্ব ধলাই অঞ্চলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *